ক্ষমতায় গেলে একগুচ্ছ পরিকল্পনা বাস্তবায়ন করবে বিএনপি: প্রিন্স

বিএনপি জনগণের রায়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে গ্রামীণ জনগোষ্ঠীর কল্যাণে একগুচ্ছ পরিকল্পনা বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

আজ সোমবার দুপুরে ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরের শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ মাঠে উপজেলার ৫ ইউনিয়ন এবং পৌর শহরের সুবিধাবঞ্চিত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে জনগণের ক্রয় ক্ষমতা বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা, ফ্যমিলি কার্ডের মাধ্যমে অসচ্ছল পরিবারের মাসিক খরচে সহায়তা, পল্লী রেশনিং, কৃষক কার্ডের মাধ্যমে কৃষি ভর্তুকি প্রদান, শস্য বীমা, পশু বীমা, মৎস্য বীমা এবং পোল্ট্রি বীমা চালু করা হবে। সকলের জন্য বিনামূল্যে চিকিৎসা, প্রশিক্ষিত পল্লী চিকিৎসক, সকলের জন্য শিক্ষা, বেকার যুবকদের জন্য ভাতা, মুদ্রাস্ফীতির আলোকে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা হবে। প্রতিটি এলাকায় শিল্পায়ন, কর্মসংস্থানসহ জনকল্যাণে বৈপ্লবিক পরিবর্তন আনা হবে।

তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, জনগণের নির্বাচিত সরকার না থাকায় গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ দুর্বিসহ জীবনযাপন করছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতি, জনগণের আয় সঙ্কুচিত হওয়ার প্রেক্ষাপটে এবারের শীতে নিম্নআয়ের মানুষ মানবেতর জীবনযাপন করছে। সরকারের পক্ষ থেকেও পর্যাপ্ত  শীতবস্ত্র দেওয়া হয় নাই।

তিনি বলেন, জাতীয় ঐক্যে বিভাজন সৃষ্টি করে জনমনে হতাশা সৃষ্টি করা হচ্ছে সুকৌশলে। এতে পতিত ফ্যাসিস্ট এবং আধিপত্যবাদী শক্তি লাভবান হবে। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ভূলুণ্ঠিত হবে।

ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য হানিফ মোহাম্মদ শাকের উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য  আসলাম মিয়া বাবুল, আবু হাসনাত বদরুল কবির, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, বীর মুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন, আলী আশরাফ, আলমগীর আলম বিপ্লব, বিএনপি নেতা আব্দুল হাই, শফিকুর রহমান, কাজী ফরিদ আহমেদ পলাশ, অধ্যক্ষ আশরাফুল ইসলাম, মিজানুর রহমান, মোনায়েম হোসেন খান খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।