ফরহাদ মজহারের প্রত্যাশা

রাষ্ট্র ও সরকার এক নয়, ঘোষণাপত্রে বিষয়টি পরিষ্কার করবে ছাত্ররা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আগামীকাল জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠ করা হবে। এ ঘোষণায় রাষ্ট্র ও সরকারের বিষয়টি তারা পরিষ্কার করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন কবি ও গবেষক ফরহাদ মজহার।

তিনি বলেছেন, আমি জানিনা তারা কী ঘোষণা করতে যাচ্ছে। তবে তাদের উদ্দেশ্যে আমি বলবো— রাষ্ট্র ও সরকার এক নয়, জনগণের সার্বভৌমত্বই হচ্ছে রাষ্ট্র। এ দু’টি বিষয় আমাদের কাছে পরিষ্কার নয়। আমরা আশা করব, ছাত্ররা আগামীকালের ঘোষণায় এই বিষয়গুলো পরিষ্কার করবে।

রবিবার (৩০ ডিসেম্বর) সকালে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের কোমাল্লা গ্রামে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ফরহাদ মজহার বলেছেন, দেশের ইতিহাস ভুলে যাওয়াকে ফ্যাসিজম বলে। রাজনীতি মানে আমাদের একটি সমাজ। ফ্যাসিজম আমাদের সকলের মধ্যেই রয়েছে। আমরা যদি ইতিহাস ভুলে যাই, তবে আমরাও ফ্যাসিজম হয়ে যাব।

ফরহাদ মজহার বলেন, ক্ষমতায় থাকাকালীন শেখ হাসিনাও ইতিহাসকে ভুলে গিয়েছিলেন। সেজন্য তারা ফ্যাসিজম হয়ে গিয়েছে।

তিনি তরুণ প্রজন্মকে বেশি বেশি বই পড়ে, ইতিহাস জানার উপর গুরুত্বারোপ করে বলেন, তোমার যত বেশি কুরআন, হাদিস এবং বই পড়বে, তত বেশি ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে।

সবাই মিলেমিশে একটি সমাজ উল্লেখ করে তিনি বলেন, এই সমাজে থাকবে রাজনীতি। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং সকলেই মিলে হবে একটি আদর্শ সমাজ। এমন সমাজ যদি সৃষ্টি করতে পারি, তাহলেই আমাদের মধ্যে কোন ফ্যাসিজম হবে না।

আর যদি না পারি, তবে আমাদের মধ্যে আবারও ফ্যাসিজম সৃষ্টি হবে বলে আশঙ্কা ব্যক্ত করেছেন ফরহাদ মজহার।