ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, বিগত সরকারের নিপীড়নের ঘটনা প্রবাহ থেকে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো কোনও শিক্ষা নেয়নি। তারা নিজেদের ক্ষমতার কাছাকাছি ভেবে ফ্যাসিস্টদের মতো কাজ করছে।
আজ সোমবার দুপুরে পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় ও নবগঠিত কেন্দ্রীয় কমিটির সদস্যদের প্রশিক্ষণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইউনুছ আহমাদ বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে ফ্যাসিস্ট সরকারের গণবিরোধী কর্মকাণ্ডের ন্যায় চাঁদাবাজি, দখলদারিত্ব, টেন্ডারবাজি, সিন্ডিকেট ও হাট-বাজার-বাসস্ট্যান্ড দখল, ব্যবসার কমিশন দাবি, অপরের জমির ধান কেটে নেওয়ার মতো অভিযোগ উঠেছে। এগুলো প্রমাণ করে কোনও কোনও রাজনৈতিক দল নব্য ফ্যাসিস্ট হিসেবে আবির্ভূত হচ্ছে, যা দুঃখজনক। এটা জুলাই বিপ্লবের শহীদদের রক্তের সঙ্গে প্রতারণা।
এতে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, আলহাজ্ব মুহাম্মাদ আমিনুল ইসলাম ও ছাত্র নেতা ইউসুফ আহমাদ মানসুর প্রমুখ।
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, জনগণের বন্ধু ও সেবক আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীর সদস্য পুলিশ ঘুষ গ্রহণ করলে ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে। পুলিশকে ব্যবহার করে মিথ্যা মামলার সংখ্যা বৃদ্ধি পাবে। সাধারণ নিরীহ মানুষ হয়রানির শিকার হবে। দেশের মানুষ প্রতিবাদ করতে শুরু করেছে। তারা অধিকারের জন্য যেকোনও সময়ে রাস্তায় নেমে আসতে প্রস্তুত।
অধ্যক্ষ ইউনুছ আহমাদ বলেন, পুলিশের ঘুষ দুর্নীতি বন্ধ না হলে সমাজে বিশৃঙ্খলা প্রকট আকার ধারণ যেমন করতে পারে। 'মব জাস্টিস' এর মতো দুঃখজনক ঘটনা ঘটনারও আশঙ্কা দেখা দেয় বলেও তিনি উল্লেখ করেন।