আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে ২৩ হাজার বেশি ১৯৪ জনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। রবিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।
প্রতিবেদনে বলা হয়, গত ১৯ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত গ্রেপ্তারদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় ১৩ হাজার ৮৩ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে ৬ হাজার ২১০ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ৯০১ জন রয়েছেন। এছাড়া অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদিতে প্রবেশের চেষ্টার সময় গ্রেপ্তার হন ১ হাজার ৫৩৬ জন।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, গ্রেপ্তারদের মধ্যে ৪১ শতাংশ ইয়েমেনি, ৫৭ শতাংশ ইথিওপিয়ান এবং অন্যান্য দেশের ২ শতাংশ নাগরিক রয়েছে। অবৈধ উপায়ে সৌদি ত্যাগের চেষ্টার সময় আরও ৬৮ জন অভিবাসীকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে মন্ত্রণালয়। একই সময়ে আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের পরিবহন এবং আশ্রয় দেওয়ায় সৌদিতে বসবাসরত ২৩ ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়।
সৌদিতে বর্তমানে প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষের বসবাস। বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ অভিবাসী শ্রমিক সৌদিতে কর্মরত রয়েছেন। দেশটির স্থানীয় গণমাধ্যম নিয়মিতভাবে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ধরপাকড় অভিযান ও অবৈধ অভিবাসীদের আটকের খবর প্রকাশ করছে।