গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রের পক্ষে আজ মঙ্গলবার জনগণকে রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। গতকাল সোমবার রাত ১২টায় রাজধানীর বাংলামোটরে আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
আব্দুল হান্নান মাসুদ বলেন, ‘জুলাই বিপ্লবের ঐতিহাসিক দলিল যাতে আমরা উপস্থাপন না করতে পারি, সেক্ষেত্রে বিভিন্ন ধরনের বাধা সৃষ্টি করা হয়েছে। কিন্তু সরকার এটির ব্যাপারে সম্মতি দিয়েছে। এটা আমাদের প্রাথমিক বিজয়।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা বলেন, ‘আমরা পূর্ববর্তী যে কর্মসূচি দিয়েছি, আমরা বিপ্লবীরা কেন্দ্রীয় শহীদ মিনারে একত্রিত হব। সরকারের পক্ষ থেকে ঘোষণাপত্র আসবে, কিন্তু তাই বলে আমাদের একত্রিত হওয়া বন্ধ হয়ে যাবে না। আগামীকাল (মঙ্গলবার) শহীদ মিনারে আহত থেকে শুরু করে শহীদ পরিবার এবং ঢাকা শহরের বাসিন্দারা ৫ আগস্টের মতো অবস্থান নেবে।’
তিনি বলেন, ‘জনগণকে রাজপথে নেমে আসার আহ্বান জানাই। আমরা আগামীকাল সারা দেশের মানুষকে এই ঘোষণাপত্রের পক্ষে রাজপথে নেমে আসার আহ্বান জানাই। আমরা আশা করি, এই ঘোষণাপত্রের পক্ষে ৫ আগস্টের মতো একটা গণজোয়ার কাল দেখা যাবে।’