গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গুমের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ দায়ের করেছেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) নেতা মাইকেল চাকমা। গতকাল সোমবার সকালে তিনি ট্রাইব্যুনালে এসে এ অভিযোগটি জমা দেন। গুমের সময় যে গামছা দিয়ে মাইকেল চাকমাকে বেঁধে রাখা হয়েছিল সেটিও অভিযোগের সঙ্গে জমা দিয়েছেন তিনি। ট্রাইব্যুনালের প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘মাইকেল চাকমার একটি অভিযোগ পেয়েছি। এতে শেখ হাসিনাসহ ৯ জনকে অভিযুক্ত করা হয়েছে। তবে, তদন্তের স্বার্থে অন্য অভিযুক্তদের নাম এখনই প্রকাশ করা হচ্ছে না।’ তিনি বলেন, মাইকেল চাকমাকে গোপন বন্দিশালা আয়নাঘরে রাখার প্রমাণ স্বরূপ কিছু তথ্য তিনি লিখিত আকারে দিয়েছেন।