ঢামেক চত্বরে মিলল দুই মেয়ে নবজাতকের মরদেহ

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল চত্বর থেকে একদিন বয়সী দুই মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। মঙ্গলবার বেলা ১টার দিকে ও বেলা সাড়ে ৩টার দিকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক দেশ রূপান্তরকে বলেন, দুপুরে ঢাকা মেডিকেলের নতুন ভবনের পাশে পলিথিনে মোড়ানো এক মেয়ে নবজাতকের মরদেহ পাওয়া যায়। এছাড়া বিকাল সাড়ে ৩টার দিকে জরুরি বিভাগের টয়লেটের পাশে পাওয়া যায় অপর মরদেহটি। 

তিনি জানান, টয়লেটের পাশে পাওয়া নবজাতকটির মস্তকবিচ্ছিন্ন। কে বা কারা লাশ দুটি ফেলে রেখে গেছে তা জানার চেষ্টা চলছে।