আতশবাজি, ফানুস ওড়ানো বন্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ হাইকোর্টের  

থার্টি ফার্স্ট নাইটে বাসা-বাড়ির ছাদ, উন্মুক্ত স্থানে আতশবাজি, পটকা ফোটানো এবং ফানুস ওড়ানো বন্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। এ সংক্রান্ত রিট আবেদনের ওপর শুনানি নিয়ে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

এর আগে গত সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আশরাফ উজ্জামান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদনটি করেন।

এতে জনসমাগম ও আতশবাজিসহ ফানুস ওড়ানো বন্ধে ৩১ ডিসেম্বর রাত ১০টা থেকে ১টা পর্যন্ত ১৪৪ ধারা জারির মত ব্যবস্থা নেওয়ার আরজি জানান আইনজীবী। রিট আবেদনে স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে বিবাদী করা হয়।

আবেদনের যুক্তিতে তিনি বলেন, ‘থার্টি ফাস্ট নাইটের নামে দেশজুড়ে একধরনের তাণ্ডব চলে। আতশবাজি ও পটকা ফুটানোর কারণে শিশু থেকে বৃদ্ধ, অসুস্থ রোগী সবাই ভুক্তভোগী হন। ভয়াবহ শব্দ ও বায়ুদূষণ হয়। গত বছর এইদিনে আতসবাজি ও পটকার কারণে ১০০ পাখি মারা গেছে বলে একটি সংগঠনের পক্ষে জানানো হয়। ফানুস ওড়ানোর কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।’

রিট আবেদনের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। দেশ রূপান্তরকে তিনি বলেন, ‘আতশবাজি, পটকা ফোটানো ও ফানুস ওড়ানো বন্ধে ব্যবস্থা নিতে পুলিশের মহাপরিদর্শক ও ডিএমপি কমিশনারকে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।’