ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণের মামলায় রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক ফয়সাল তারেক তার এই রিমান্ড মঞ্জুর করেন। পরে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আদালত পরিদর্শক আজিজুল বারী রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণের ঘটনায় নগরের বোয়ালিয়া থানার এ মামলা তদন্ত করছে নগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। মামলার তদন্ত কর্মকর্তা সাবেক এমপি আসাদের সাত দিনের রিমান্ডের আবেদন করেছিলেন। আসামির উপস্থিতিতে শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ৬ অক্টোবর ঢাকায় গ্রেপ্তার হন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। এরপর তাকে রাজশাহী জেলা ও মহানগরের সাতটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এসব মামলায় এর আগে এক দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।