জুলাই আন্দোলন

আহতদের বিদেশে চিকিৎসায় অর্থ ছাড়ের সীমা শিথিল

ছাত্র-জনতার জুলাই আন্দোলনে আহত ব্যক্তিদের বিদেশে চিকিৎসার জন্য অর্থ ছাড়ের সীমা শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। বিদেশে চিকিৎসার উদ্দেশ্যে যাওয়া একজন ভ্রমণকারীর জন্য ব্যাংক সর্বোচ্চ ১০ হাজার ডলার ছাড় করতে পারলেও ছাত্র-জনতার গণ-আন্দোলনে আহতদের জন্য এই সীমা শিথিল থাকবে।

গতকাল মঙ্গলবার অনুমোদিত ডিলারদের কাছে পাঠানো এক চিঠিতে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, গণ-আন্দোলনে আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য প্রাক্কলন অনুযায়ী বিদেশি মুদ্রা ছাড় করা যাবে। ব্যাংক চ্যানেলের পাশাপাশি আন্তর্জাতিক কার্ডের মাধ্যমেও এই অর্থ ছাড় করা যাবে। ২০১৮ সালের বিদেশি মুদ্রা লেনদেন গাইডলাইন অনুযায়ী, বিদেশে চিকিৎসার জন্য সর্বোচ্চ ১০ হাজার ডলার বা তার সমপরিমাণ বিদেশি মুদ্রা ছাড় করতে পারেন অনুমোদিত ডিলাররা। বাংলাদেশ ব্যাংকের চিঠিতে বলা হয়েছে, এই গাইডলাইনের অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার বিরুদ্ধে ছাত্রদের আন্দোলন জুলাই মাসে নতুন মাত্রা পায়। এই আন্দোলন একপর্যায়ে স্বৈরাচারবিরোধী আন্দোলনে রূপ নেয় এবং সর্বস্তরের মানুষ তাতে যোগ দেন। আন্দোলন পুরো দেশে ছড়িয়ে পড়ে। তৎকালীন আওয়ামী লীগ সরকার আন্দোলন দমাতে চরম শক্তি প্রয়োগ করে।