ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সাবেক সভাপতি মাহবুবুল আলমের বাসায় তিন ঘণ্টার বেশি তল্লাশি চালিয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) কর্মকর্তারা। গত সোমবার রাত ২টার দিকে চট্টগ্রাম নগরের পাঁচলাইশের সুগন্ধা আবাসিক এলাকায় এ অভিযান চালানো হয়। তবে এ সময় ‘সন্দেহজনক’ কিছুই পাওয়া যায়নি।
দুদক সূত্র বলছে, মাহবুবুল আলমের বাসায় বিপুল পরিমাণ টাকা ও বৈদেশিক মুদ্রা থাকার গোয়েন্দা তথ্য পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এতে অংশ নেয় র্যাব।
মাহবুবুল আলমের বাসাটি নগরের পাঁচলাইশ থানা এলাকা হলেও অভিযানের বিষয়ে মন্তব্য করতে রাজি হননি পুলিশের কোনো কর্মকর্তা।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর চিকিৎসার কারণ দেখিয়ে দেশ ছাড়েন মাহবুবুল আলম। এরপর তিনি আর দেশে ফেরেননি। তবে পরিবারের দাবি, মাহবুবুল সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন।