ময়মনসিংহের নান্দাইলে একটি সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ১২ শিক্ষককে অফিস কক্ষে আটকে রেখে বাইরের দিকে তালা দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় স্কুলের শিক্ষার্থীরা স্কুলের গেটে বসে শিক্ষকদের অবরুদ্ধ করে রাখে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার নান্দাইল ইউনিয়নের উত্তর রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, স্কুলটি শুরু থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদান চলমান
থাকলেও সরকারি বিশেষ প্রকল্পের আওতায় ২০১৩ সাল থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম চালু হয়। এ জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ ও জনবল নিয়োগ দেওয়া হয়। কিন্তু ২০২৪ সালে হঠাৎ কর্মরত শিক্ষকরা সিদ্ধান্ত নেয় নতুন শিক্ষাবর্ষে পঞ্চম শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের ষষ্ঠ শ্রেণিতে ভর্তি করা হবে না। এ নিয়ে স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। গতকাল মঙ্গলবার বছরের শেষ দিন হলেও কোনো শিক্ষার্থীকে ভর্তি না করায় স্থানীয়রা বিদ্যালয়ের সব শিক্ষকদের অফিস রুমে আটকে রেখে বাইরে থেকে তালা দিয়ে অবরুদ্ধ করে রাখে।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম বলেন, ‘শিক্ষক সংকটের কারণে আমরা এই সিদ্ধান্ত নিয়েছিলাম।’ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফজিলাতুন্নেছা বলেন, ‘আমি খবর পেয়ে গিয়ে স্থানীয়দের নিয়ে বসে সমাধান করে দিয়েছি। শিক্ষার্থীদের অন্য বিদ্যালয়ে যেতে হবে না।’