আতশবাজি, ফানুস বন্ধে ব্যবস্থা নিতে নির্দেশ হাইকোর্টের

খ্রিস্টীয় বর্ষবরণের রাতে (থার্টিফার্স্ট নাইট) বাসাবাড়ির ছাদ, উন্মুক্ত স্থানে আতশবাজি, পটকা ফোটানো এবং ফানুস ওড়ানো বন্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। এ-সংক্রান্ত রিট আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

গত সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আশরাফ উজ্জামান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদনটি করেন। এতে জনসমাগম, আতশবাজিসহ ফানুস ওড়ানো বন্ধে ৩১ ডিসেম্বর রাত ১০টা থেকে ১টা পর্যন্ত ১৪৪ ধারা জারির মতো ব্যবস্থা নেওয়ার আরজি জানান আইনজীবী।

রিট আবেদনে স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে বিবাদী করা হয়।

আবেদনের যুক্তিতে তিনি বলেন, ‘থার্টিফার্স্ট নাইটের নামে দেশ জুড়ে এক ধরনের তান্ডব চলে।

আতশবাজি ও পটকা ফোটানোর কারণে শিশু থেকে বৃদ্ধ, রোগী সবাই ভুক্তভোগী হন। ভয়াবহ শব্দ ও বায়ুদূষণ হয়। গত বছর এই দিনে আতশবাজি ও পটকার কারণে ১০০ পাখি মারা গেছে বলে একটি সংগঠনের পক্ষে জানানো হয়। ফানুস ওড়ানোর কারণে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।’ রিট আবেদনের পক্ষে তিনি নিজেই শুনানি করেন।

তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘আতশবাজি, পটকা ফোটানো ও ফানুস ওড়ানো বন্ধে ব্যবস্থা নিতে পুলিশের মহাপরিদর্শক ও ডিএমপি কমিশনারকে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।’