হাসান আরিফের প্রতি শ্রদ্ধায় বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে বিচারকাজ বন্ধ

জ্যেষ্ঠ আইনজীবী, সাবেক অ্যাটর্নি জেনারেল ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফের প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামীকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারকাজ বন্ধ থাকবে। গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্ট প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ২০ ডিসেম্বর বেলা ৩টা ১০ মিনিটে ৮৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন এ এফ হাসান আরিফ। ওই দিন এশার নামাজের পর ধানমন্ডি ৭ নম্বর বায়তুল আমান মসজিদে তার প্রথম জানাজা হয়। পরদিন সুপ্রিম কোর্টে দ্বিতীয় জানাজা ও একই দিন সচিবালয়ে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এরপর ২৩ ডিসেম্বর সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।