রাজশাহীর সাবেক এমপি আসাদ দুদিনের রিমান্ডে

ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণের মামলায় রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মোহা. আসাদুজ্জামান আসাদের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১-এর বিচারক ফয়সাল তারেক তার এই রিমান্ড মঞ্জুর করে। পরে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আদালত পরিদর্শক আজিজুল বারী রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণের ঘটনায় নগরের বোয়ালিয়া থানার এ মামলা তদন্ত করছে নগর-পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। মামলার তদন্ত কর্মকর্তা সাবেক এমপি আসাদের সাত দিনের রিমান্ডের আবেদন করেছিলেন। আসামির উপস্থিতিতে শুনানি শেষে আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করে।

এর আগে গত ৬ অক্টোবর ঢাকায় গ্রেপ্তার হন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। এরপর তাকে রাজশাহী জেলা ও মহানগরের সাতটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এসব মামলায় এর আগে এক দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।