বিপিএলে খুলনা টাইগার্সের প্রথম ম্যাচেই মাঠ মাতিয়েছেন অস্ট্রেলিয়ার এক হারিয়ে যাওয়া ক্রিকেটার উইলিয়াম বোসিসটো। বিপিএল দিয়েই ৩১ বছর বয়সে তিনি শুরু করেছেন নতুন পথচলা। চলতি বিপিএলে বেসিসটোর খুলনা টাইগার্সে যোগ দেওয়ার পেছনে অবদান আছে অস্ট্রেলিয়ান অল-রাউন্ডার মিচেল মার্শ এবং ইমরুল কায়েসের। বেশ চমকপ্রদ সেই ঘটনা।
বোসিসটোর নেতৃত্বে ২০১২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ভারতের বিপক্ষে ফাইনালে খেলেছিল অস্ট্রেলিয়া। সেই দলের ট্রাভিস হেড, ক্যামেরন ব্যানক্রফট, অ্যাশটন অ্যাগার, অ্যাশটন টার্নার, কার্টিস প্যাটারসনরা আন্তর্জাতিক ক্রিকেট মাতিয়েছেন। কিন্তু বোসিসটো হারিয়ে গেছেন ধীরে ধীরে। ঘরোয়া ক্রিকেটে ভালো করতে না পারায় দল পাচ্ছিলেন না। এছাড়া পারিবারিক ঝামেলা, সন্তানের অসুস্থতা মিলিয়ে তিনি আড়ালে চলে যান।
গতকাল মঙ্গলবার চিটাগং কিংসের বিপক্ষে খুলনার হয়ে অভিষেক ম্যাচে পুরো ২০ ওভার খেলে ৫০ বলে ৭৫ রানের ইনিংস খেলেন বোসিসটো। টি-টোয়েন্টি ক্রিকেটে এটাই তার প্রথম ফিফটি। খুলনার কোচ তালহা জুবায়ের গণমাধ্যমকে জানান, ইমরুল কায়েসের কাছে বোসিসটোর জন্য সুপারিশ করেন অজি অলরাউন্ডার মিচেল মার্শ। এরপর ইমরুল বোসিসটোর ভিডিও কোচের কাছে পাঠালে তিনি রাজি হয়ে যান।
ইমরুল কায়েস এখন অস্ট্রেলিয়ার স্থায়ী বাসিন্দা। ক্রিকেট খেলার পাশাপাশি কোচিং শিখছেন। অজি ক্রিকেটারদের সঙ্গে তার ভালোই খাতির আছে। তালহা জুবায়েরও লক্ষ্য করেন. বোসিসটোর তেমন কোনো আর্থিক চাহিদা নেই। তিনি শুধু খেলার সুযোগ চান, নিজেকে প্রমাণ করতে চান। এরপরই তালহা ফ্র্যাঞ্চাইজির মালিকপক্ষের কাছে বোসিসটোর জন্য সুপারিশ করেন। অভিষেক ম্যাচে যেন সেটারই প্রতিদান দিলেন বোসিসটো।