আতশবাজি ও ফানুস ওড়াতে গিয়ে শিশুসহ দগ্ধ ৫

ইংরেজি নববর্ষ উদযাপনে আতশবাজি ও ফানুস ওড়াতে গিয়ে রাজধানীর কয়েক জায়গা থেকে ৩ শিশুসহ ৫ জন দগ্ধ হয়েছেন। তারা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে ফারহান (৮) নামে এক শিশু শরীরের ১৫ শতাংশ দগ্ধ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দগ্ধ অন্যরা হলো, সিফান মল্লিক (১২), তাফসির (৩), সেন্টু (৪৫) ও সম্রাট (২০)। তাদের শরীরে চারজনকেই প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

তিনি জানান, রাতে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে শিশুসহ ৫ জন দগ্ধ হয়ে হাসপাতালে এসেছিল। এদের মধ্যে এক শিশুকে ভর্তি দেওয়া হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।