আটলান্টিক পেরিয়ে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে আসার সময় একটি অভিবাসী নৌকায় চার অভিবাসীকে হত্যার অভিযোগে সাত পাচারকারীকে আটক করেছে দেশটির কর্তৃপক্ষ। ক্যানারি দ্বীপপুঞ্জের তেনেরিফের সিভিল গার্ড গত (২৯ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে। অভিবাসী নৌকায় বেঁচে যাওয়া যাত্রীদের সাক্ষ্যের ভিত্তিতে অভিযুক্তদের আটক করা হয়।
আটকের সময় অভিযুক্তরা তেনেরিফ দ্বীপের একটি আশ্রয়কেন্দ্রে অবস্থান করছিলেন। বেঁচে যাওয়া ব্যক্তিরা আটলান্টিক অতিক্রমের ঘটনাকে ‘একটি সত্যিকারের দুঃস্বপ্ন’ বলে বর্ণনা করেন।
নিহত চারজনের মধ্যে তিনজনকে শনাক্ত করা হয়েছে এবং তাদের পরিবারকে তাদের মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। নিহতরা অন্যান্য অভিবাসীদের সঙ্গে একটি নৌকায় উঠেছিলেন। নৌকাটি আফ্রিকার দেশ গাম্বিয়ার একটি উপকূল থেকে যাত্রা করেছিল। যাত্রাপথে নৌকাটি সেনেগালের দ্বীপ বাসোলে যাত্রাবিরতি করে স্পেনের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছিল।
তেনেরিফ সিভিল গার্ড জানিয়েছে, নৌকাটি ৩ নভেম্বর ২০৭ জন অভিবাসী নিয়ে ক্যানারির পশ্চিমে অবস্থিত দ্বীপ এল হিয়েরোতে পৌঁছায়। স্প্যানিশ তদন্তকারীদের অভিবাসীরা জানায়, তিন দিন নৌ চলার পর সমুদ্রে নৌকার পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছিল।
বেঁচে যাওয়া অভিবাসীদের বক্তব্যের ভিত্তিতে স্প্যানিশ সিভিল গার্ড জানিয়েছে, সমুদ্রের আবহাওয়া খারাপ হয়ে উঠলে নৌকায় থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। সম্ভবত প্রতিশোধ হিসেবে মানব পাচারকারীরা বাকি অভিবাসীদের ভয় দেখাতে চারজনকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিল।
এল হিয়েরোতে পৌঁছানোর পরে নৌকায় থাকা একজন যাত্রীকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। যেখানে তাকে বুকে আঘাতজনিত কারণে অস্ত্রোপচার করা হয়েছিল। ছুরির আঘাতের কারণে ভুক্তভোগী অভিবাসীর এমনটি হয়েছে বলে অনুমান পুলিশের।
মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, জানুয়ারি থেকে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে ৪৩ হাজার ৭৩৭ জন অভিবাসী ক্যানারিতে অবতরণ করেছেন। যা গত বছরের পুরো সময়ের জন্য তুলনায় ১৮.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
স্প্যানিশ এনজিও ক্যামিনান্দো ফ্রন্টেরাস প্রকাশিত সবশেষ ডিসেম্বর প্রতিবেদন অনুসারে, ২০২৪ সালে নয় হাজার ৭৫৭ জন অভিবাসী ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর চেষ্টা করে সমুদ্রে মারা গিয়েছে অথবা নিখোঁজ হয়েছিল।
সূত্র: ইনফো-মাইগ্রেন্টস বাংলা