বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুন্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসের জামিন কাল বৃহস্পতিবার (২ জানুয়ারি) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতেই তার জামিন শুনানি হবে বলে নগর পুলিশের প্রসিকিউশন শাখা সূত্রে জানা গেছে। কিন্তু চিন্ময়ের আইনজীবী রবীন্দ্র ঘোষ কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি থাকার কারণে নির্ধারিত দিনে শুনানি হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এর আগে ভারতের একাধিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সিনিয়র এই আইনজীবী বলেছিলেন, চিন্ময়ের জন্য আইনি লড়াই করতে ২ জানুয়ারির আগেই দেশে ফিরবেন তিনি।
গত ২৫ অক্টোবর চট্টগ্রামে বাংলাদেশের জাতীয় পতাকার ওপর গেরুয়া পতাকা উত্তোলনের অভিযোগে চিন্ময় দাসের বিরুদ্ধে রাষ্ট্র দ্রোহের অভিযোগে মামলা হয়।
এরপর গত ২৭ নভেম্বর ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরের দিন চট্টগ্রামের আদালতে তার মামলার শুনানি ঘিরে আদালত চত্বরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। এ সময় চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের হামলায় সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী নিহত হন।