সেবার বিপরীতে গ্রাহকদের কাছ থেকে চাঁদা দাবির অভিযোগের প্রেক্ষিতে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে অভিযান চালিয়েছে দুদক। এ সময় দপ্তরটির কয়েকজন কর্মকর্তাকেও প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
বুধবার (১ জানুয়ারি) দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দুর্নীতি দমন কমিশন কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাখাওয়াত হোসেনের নেতৃত্বে এ অভিযান চলে। প্রায় দুই ঘণ্টার অভিযান ও জিজ্ঞাসাবাদের পর অভিযুক্তদের আগামীকাল দুদক কার্যালয়ে হাজির হয়ে ব্যাখ্যা প্রদানের জন্য মোখিক নির্দেশনা দিয়েছে দুদক।
এ ব্যাপারে অভিযুক্তদের নোটিশ জারি এবং অভিযোগের বিষয়গুলো আরও খতিয়ে দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দেওয়া হবে বলেও জানিয়েছেন দুদক কর্মকর্তা শাখাওয়াত। অভিযান চলাকালে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর মো. নুরুল আবছার অনুপস্থিত ছিলেন।
দুদক কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন জানান, প্রাথমিকভাবে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের অথোরাইজড অফিসারদের বিরুদ্ধে উঠা অভিযোগের কোনো প্রমাণ নিশ্চিত হওয়া যায়নি। কারণ কর্তৃপক্ষ এখনও কোনো রেকর্ডপত্র দেখাতে পারেনি। আগামীকালের মধ্য তাদের রেকর্ডপত্র দাখিল করা হবে। সেখানে কোনো ফাইন্ডিংস্ পেলে বিষয়টি অনুসন্ধানের জন্য জন্য আবেদন করা হবে।