লক্ষ্মীপুরের কমলনগরে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেল ধাক্কায় পথচারী ও আরোহী নিহত হয়েছেন। বুধবার (১ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলার হাজিরহাট ইউনিয়নের হাফিজিয়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জামালপুরের মৃত খায়ের উদ্দিন মন্ডলের ছেলে মো. রশিদুজ্জামান (৬৫), উপজেলার সাহেবের হাটের বজলু মাঝির ছেলে মো. নাহিদ (২৪)।
নিহত রশিদুজ্জামানের আত্মীয় মো. আমজাদ বলেন, রশিদুজ্জামান তার মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কা পড়ে গিয়ে মাথায় আঘাত পান তিনি। পরে দ্রুত জেলা সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ দিকে নিহত মোটরসাইকেল আরোহী মো. নাহিদের আত্মীয় মো.আখতার বলেন, নাহিদ পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে মাথায় আঘাত পান। এ সময় তার মাথা, নাক, মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক নাহিদকে মৃত ঘোষণা করেন। নাহিদ ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে বাড়িতে ফিরছিলেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও মীর আমিনুল ইসলাম মঞ্জু বলেন, দুর্ঘটনায় আহত ব্যক্তি মাথায় আঘাত পেয়ে মারা গেছেন। অন্যজনকে সদরে পাঠানো হয়েছিল। তিনিও গুরুতর আহত ছিলেন।