বিচারকের কাছে চাঁদা দাবির অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তার

গাইবান্ধার ফুলছড়িতে এক বিচারকের কাছে চাঁদা দাবির অভিযোগে আক্তারুজ্জামান আক্তার (৪০) নামের এক যুবদলের নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার যুবক ফুলছড়ি উপজেলা যুবদলের যুগ্মআহ্বায়ক পদে আছেন।

বুধবার (১ জানুয়ারি) বিকেল ৩টার দিকে ফুলছড়ি উপজেলার কালিরবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আক্তারুজ্জামান একই উপজেলার পারুল চর গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার মৃত মোগরব আলীর ছেলে।

পুলিশ জানায়, ফুলছড়ি উপজেলার কালিরবাজার এলাকায় নিজ বাড়ীর সামনে হাটাহাটি করতেছিলেন। এ সময় আক্তারুজ্জামান ওই বিচারপতির কাছে উপস্থিত হয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে বিচারপতি নিজ উদ্যোগে তাকে আটক করে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করেন। 

এর আগেও গত ৬ আগস্ট ২০২৪ তারিখে অভিযুক্ত ব্যক্তি হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিচারপতির কাছে একই পরিমাণ টাকা চাঁদা দাবি করেছিলেন বলে জানা গেছে।

এ বিষয়ে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ওই যুবককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে। গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ প্রদানের প্রক্রিয়া চলছে।

ফুলছড়ি উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম নান্টু গ্রেপ্তার আকতারুজ্জামানের দলীয় পদ নিশ্চিত করেন। দলের নাম ভাঙিয়ে কেউ অপরাধ করলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আমরা তদন্ত সাপেক্ষে আক্তারুজ্জামানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।