মেলবোর্ন টেস্টের দ্বিতীয় সেশন শেষে কে বিশ্বাস করেছিলো যে এই টেস্টেও হারতে পারে ভারত। শেষ সেশনের শুরুতেই রিশভ পান্তের ঝুঁকিপূর্ণ শট জমা পড়ে ক্যাচ হিসেবে। এর পরই ভেঙে পড়ে ভারতের ইনিংস। বিশাল ব্যবধানে চতুর্থ টেস্টটি হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা এবং সিরিজ বাঁচিয়ে রাখা-দুটো অঙ্কই খুব কঠিন হয়ে পড়েছে। ভারতীয় ক্রিকেটারদের স্বাধীনভাবে নিজের স্বাভাবিক ক্রিকেট খেলার যে সুযোগ নয়া কোচ গৌতম গম্ভীর দিয়ে রেখেছিলেন সেটি বোধহয় আর থাকছে না। দেশটির গণমাধ্যমের সূত্রে কোচ গম্ভীরের অবস্থান পরিবর্তনের এমন আভাসই মিলেছে।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের বরাতে জানা গেছে, সোমবার ২০.৪ ওভারে শেষ ৭ উইকেট খুইয়ে মেলবোর্ন টেস্ট হেরে বসে ভারত। তারপর সেদিনই ড্রেসিং রুমে নিজের ক্রুদ্ধ অবস্থান প্রকাশ করে গম্ভীর বলেন, ‘ব্যস অনেক হয়েছে।’ গত বছরের ৯ জুলাই রাহুল দ্রাবিড়ের জায়গায় ভারতের প্রধান কোচের দায়িত্ব নেন গৌতম গম্ভীর। এর আগেও অন্যান্য দলে কোচ কিংবা মেন্টরের ভূমিকায় থাকাকালীন গম্ভীর দলের ক্রিকেটারদের নিজের স্বাভাবিক ক্রিকেট খেলার পক্ষেই অবস্থান নিতেন।
তবে এবারের অস্ট্রেলিয়া সফরে ভারতীয় ক্রিকেটাররা দলীয় পরিকল্পনার বাইরে গিয়ে অন্য অভিপ্রায়ে ক্রিকেট খেলেছেন বলে মনে করছেন গম্ভীর। ড্রেসিংরুমে পরিকল্পনা ও অভিপ্রায়ের মধ্যকার এ দ্বন্দ্বের ব্যাপারে খোলামেলা আলোচনা করেছেন তিনি। একই সঙ্গে ঘরের মাঠে বাংলাদেশ সিরিজ থেকে ব্যাটসম্যানরা যে নিজেদের নৈপূণ্য তুলে ধরতে পারছেন না- সেই বিষয়টিও তুলে ধরেন গম্ভীর।
ফর্মহীনতায় ভুগছেন অধিনায়ক রোহিত শর্মা। মেলবোর্নে শেষ দিনে প্রথম সেশনের শেষ ওভারে ওয়াইড ডেলিভারি ধাওয়া করতে গিয়ে বিরাট কোহলির উইকেট দিয়ে আসা কিংবা শেষ সেশনে পান্তের আত্মাহুতি। সবকিছুই ভারতের নেতিবাচক ফলকে প্রভাবিত করেছে বলে ভাবছেন গম্ভীর। এও শোনা গেছে প্রথম টেস্টের আগে এমনকি পার্থ টেস্টের জেতার পরেও দলে চেতেশ্বর পুজারা চেয়েছিলেন গম্ভীর। নির্বাচকরা তার এই ডাকে সাড়া দেননি।
একটি উদীয়মান দলে দলীয় অর্জনের চাইতে ব্যক্তিগত নৈপুণ্য বেশি প্রাধান্য পেলে কখনোই ইতিবাচক ফল বয়ে আনে না। এই সিরিজের পরে নেতৃত্ব এমনকি টেস্টও ছেড়ে দিতে পারেন রোহিত। প্রথম টেস্টের মাঝপথে অস্ট্রেলিয়া পৌঁছান তিনি। তার আগে দলের কয়েকজন খেলোয়াড় ভবিষ্যত নেতৃত্ব পাওয়ার স্বপ্ন দেখা শুরু করেছিলেন বলে শোনা গেছে। সেই স্বপ্ন দেখায় দোষের কিছু নেই। কিন্তু পূরণের পথে এই সিরিজেই ব্যক্তিগত নৈপুণ্য প্রদর্শনকে প্রাধান্য দিয়ে বসেন তারা।
এসব কারণেই এখন ক্রিকেটারদের পূর্ণ স্বাধীনতা কমিয়ে গম্ভীর কার কী দায়িত্ব তা ঠিক করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে গণমাধ্যমটি। এমনকি নতুন এই হুলিয়া জারি করেই ক্ষান্ত হননি। দলের কৌশলের বাইরে গিয়ে যে বা যারাই কিছু করার চেষ্টা করবেন তাদেরকে ধন্যবাদ জানানোর সুযোগটুকুও দেওয়া হবে না বলে হুমকি এসেছে গম্ভীরের পক্ষ থেকে।