ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পূর্ব বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে ৷এ সময় বাড়িঘরে হামলা-ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। বুধবার (১ জানুয়ারি) বিকাল ৪টার দিকে উপজেলার অরুয়াইল ইউনিয়নের ধামাউড়া গ্রামের ইমামবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
আহতরা হলেন- আংগুর মিয়া (৪২), কাপ্তান মিয়া (২৫), পারুল আক্তার (৩০), জুলহাস ২৫), জাহাঙ্গীর মিয়া (২৫), দুলাল মিয়া (২৫) ও সজিব মিয়া (১৮)। আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
জানা গেছে, ধামাউড়া গ্রামের ইমামবাড়ি এলাকায় খুরশীদ মিয়ার ছেলে শরীফের ভিটেবাড়ির ৮ শতাংশ জায়গা নিয়ে একই এলাকার মৃত মতর মিয়ার ছেলে হোসেন মিয়ার সাথে দ্বন্দ্ব সৃষ্টি হয়। বুধবার একই ঘটনার জেরে শরীফের বড় ভাই আঙুর মিয়া ও হোসেন মিয়ার চাচাতো ভাই নওয়াব মিয়া, মারফত আলী ও আম্বর আলীসহ দুপক্ষের ৪০-৫০ জন দা-লাঠিসোঁটা ও ফলা-বল্লম নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় ১০-১২ জন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আহত জুলহাসের বাবা মিজানুর রহমান হিরা বলেন, এর আগে ভিটেবাড়ির জায়গার বিরোধ নিয়ে আমার বড়ভাই খুর্শিদ মিয়া অভিযুক্ত হোসেন মিয়া ও তার আত্মীয়স্বজনরা হামলার শিকার হয়ে দীর্ঘদিন ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। আজকেও একইভাবে হোসেন মিয়ার লোকেরা আমাদের ওপর হামলা করে। আগের ঘটনায় সরাইল থানায় হোসেন মিয়াসহ ১৭ জন ও অজ্ঞাতনামা আরও ৫/৬ নামে একটি হত্যা চেষ্টা মামলা করি।
এ ঘটনায় নওয়াব মিয়া ও মারফত আলীর মুঠোফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকালে পূর্ব বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে৷