লালবাগে রক্তাক্ত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

রাজধানীর লালবাগে জে এন সাহা রোড থেকে মাহবুব আলম (৩২) নামে এক অটোরিকশাচালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হত্যাসহ দুটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা ছিল তার নামে। গত মঙ্গলবার রাত আড়াইটার দিকে জে এন সাহা রোডের লিবার্টি ক্লাবের সামনে থেকে মরদেহটি উদ্ধার করে লালবাগ থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।

গতকাল বুধবার এ বিষয়ে লালবাগ থানার ওসি ক্যশৈনু বলেন, ওই যুবকের শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এ ছাড়া দুই হাত, শরীর ও পায়ে পুরনো ব্যান্ডেজ ছিল। ওই ব্যক্তি অটোরিকশাচালক ছিলেন। তবে তার নামে লালবাগ থানায় হত্যা মামলাসহ দুটি মামলা আছে। প্রাথমিকভাবে জানা যায়, এলাকায় দুই গ্রুপের দ্বন্দ্বে তাকে কুপিয়ে হত্যা করেছে। তদন্তের স্বার্থে এখনই কিছু বলা সম্ভব হচ্ছে না।

নাম প্রকাশে অনিচ্ছুক মৃত মাহবুব আলমের ছোট বোন জানান, তাদের বাড়ি মাদারীপুর জেলায়। বর্তমানে মাহবুব স্ত্রী ফাতেমা আক্তার ও এক মেয়েকে নিয়ে লালবাগ শহীদনগর ৮ নম্বর গলিতে বেলায়েত মিয়ার বাড়ির ভাড়া থাকতেন। ভাড়ায় অটোরিকশা চালাতেন তিনি। গত মঙ্গলবার রাত ১০টার দিকে বাসা থেকে বের হয়েছিলেন, আতশবাজি ফোটানো দেখবে এ কথা বলে। ভোরে স্বজনরা খবর পান, ক্লাবের সামনে তাকে হত্যা করা হয়েছে। পরে সেখানে গিয়ে তার রক্তাক্ত মরদেহ দেখতে পান।

তিনি আরও বলেন, ১৫ দিন আগে লালবাগ কেল্লা এলাকায় কে বা কারা মাহবুবকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছিল। তখন শ্যামলীর ক্রিসেন্ট হাসপাতালে চার দিন ভর্তি থেকে চিকিৎসা নেন।