বরগুনার পাথরঘাটায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন শেষে শ্বশুরবাড়ি যাওয়ার পথে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মীর হামলায় যুবদল নেতা নাসির উদ্দিন ওরফে কাটা নাসিরকে (৩৫) কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার কালমেঘা ইউনিয়নের ঘুটাবাছা এলাকায় এ ঘটনা ঘটে।
নাসির পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের শাহজাহানের ছেলে।
প্রত্যক্ষদর্শী আনছার মোল্লা জানান, দুপুর দেড়টার দিকে হঠাৎ করে চিৎকার শুনে বাড়ি থেকে রাস্তায় বের হয়ে দেখি নাসিরকে কুপিয়ে দুজন পালিয়ে যাচ্ছে। তাৎক্ষণিক উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা বলছে, সকালে পূর্বশত্রুতার জের ধরে পাথরঘাটা নতুনবাজার সেতুর উত্তর পাড়ে খাদ্যগুদামের সামনে কথা-কাটাকাটির একপর্যায়ে নাসির ভাড়ায়চালিত মোটরসাইকেলচালক হাসানকে থাপ্পড় মারেন। ওই জের ধরেই তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
কর্তব্যরত চিকিৎসক শাহাদাত হোসেন বলেন, শরীরের বিভিন্ন জায়গায় জখম রয়েছে এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে। হাসপাতালে আসার আগেই মৃত্যু হয় তার।
এ বিষয়ে পাথরঘাটা থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে কী কারণে হত্যাকা-ের ঘটনা ঘটেছে তা এখন পর্যন্ত জানা যায়নি।’