থার্টিফার্স্ট নাইটে যুবককে কুপিয়ে হত্যা, আহত ৫

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় থার্টিফার্স্ট নাইটের কনসার্টকে ঘিরে দুই গ্রুপের সংঘর্ষের সময় এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার নাম হৃদয় (২০)। এ ঘটনায় এলোপাতাড়ি ছুরিকাঘাতে পাঁচজন আহত হয়েছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর পাগলা বউবাজার রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

গতকাল বুধবার বিকেলে হৃদয়ের পিতা হাবিবুর রহমান হাওলাদার বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে ১৫ জনকে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা করেছেন। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, থার্টিফার্স্ট নাইট উপলক্ষে পাগলা বউবাজার রেলস্টেশনসংলগ্ন খেলার মাঠে দুই গ্রুপ ডিজে পার্টি ও কনসার্টের আয়োজন করে। ডিজে পার্টি ও কনসার্টের মঞ্চে ওঠা নিয়ে কিশোর দুই গ্রুপের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ঘটনায় বউবাজার মাঠাপট্টি এলাকার হাবিবুর রহমান হাওলাদারের ছেলে হৃদয়কে কুপিয়ে গুরুতর জখম করে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ফতুল্লা মডেল থানার ওসি মো. শরিফুল ইসলাম বলেন, ডিজে পার্টির মঞ্চে ওঠা নিয়ে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। এরই জের ধরে এক গ্রুপ ধারালো অস্ত্র নিয়ে আরেক গ্রুপের ওপর হামলা চালায়। এতে হৃদয় নামে এক কিশোর মারা যায়। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।