সড়কে প্রাণ গেল ১১ জনের

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১১ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে গতকাল বুধবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৫০০ মিটারের দূরত্বে আলাদা সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ও পথচারীসহ তিনজন নিহত হয়েছেন। জয়পুরহাটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক জামায়াত নেতা নিহত হন।

সাতক্ষীরার তালা উপজেলার ৩০ মাইল নগরঘাটা এলাকার খুলনা-সাতক্ষীরা মহাসড়কে দ্রুতগামী বাসের চাপায় এক বৃদ্ধ ভ্যানচালক প্রাণ হারিয়েছেন।

ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। লক্ষীপুরের কমলনগরে রাস্তা পারাপার হতে গিয়ে মোটরসাইকেল ধাক্কায় পথচারী ও চালকসহ দুজন নিহত হন।

রূপগঞ্জে পথচারীসহ নিহত ৩ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৫০০ মিটারের দূরত্বে আলাদা সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ও পথচারীসহ তিনজন নিহত হয়েছেন। এসব ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। গতকাল বুধবার সকালে উপজেলার ভুলতা ইউনিয়নের হাটাবো জেলেপাড়া এলাকার রূপসী-কাঞ্চন সড়কে আলাদা দুই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন হাটাবো আতলাশপুর এলাকার রাম দাস (৭০), একই এলাকার ইবাদুল্লাহ (৭০) ও নতুনবাজার এলাকার হৃদয় (২৭)।

জয়পুরহাটে জামায়াত নেতা নিহত : জয়পুরহাটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক জামায়াত নেতা নিহত হয়েছেন। গতকাল সকালে জয়পুরহাট সদর উপজেলার গুয়াবাড়ি ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দেলোয়ার হোসেন সদর উপজেলার জামায়াতের কর্মপরিষদ সদস্য ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদর উপজেলা শাখার সভাপতির দায়িত্বে ছিলেন। জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ শাহেদ আল মামুন বিষয়টি নিশ্চিত করেন।

দেলোয়ার হোসেনের মৃত্যুতে শোক জানিয়েছেন জয়পুরহাট জেলা জামায়াতের আমির ডা. ফজলুর রহমান সাঈদ ও সেক্রেটারি জেনারেল গোলাম কিবরিয়া ম-ল।

সাতক্ষীরার বাসচাপায় বৃদ্ধ নিহত : সাতক্ষীরার তালা উপজেলার ৩০ মাইল নগরঘাটা এলাকার খুলনা-সাতক্ষীরা মহাসড়কে দ্রুতগামী বাসের চাপায় বৃদ্ধ ভ্যানচালক নিহত হয়েছেন।

সাতক্ষীরা সদরের ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর নুরুল ইসলাম জানান, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরা অভিমুখী ইমাদ পরিবহন চাপা দিয়ে ভ্যানটিকে চূর্ণ-বিচূর্ণ করে দেয়। এ সময় ঘটনাস্থলেই মারাত্মক আহত আমানুল্লাহ (৬০) নিহত হন।

ফরিদপুরে দুর্ঘটনায় নিহত ২  : ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। গতকাল ভোরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাঁচামারা এলাকার আইয়ুব আলীর ছেলে ট্রাকচালক নুরুল আলম (২৬) এবং তার সহযোগী ঝিনাইদহ জেলার তেঁতুলবাড়িয়া এলাকার রফিকুল মালিথার ছেলে আব্দুল কাদের মিয়া।

লক্ষ্মীপুরে ৪ জন নিহত : লক্ষ্মীপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালকসহ দুজন নিহত হয়েছেন। চালকের নাম নাহিদুল ইসলাম (২৮)। গতকাল বিকেলে কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের হাফিজিয়া মাদ্রাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে, তবে গতকাল সন্ধ্যায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত অন্য নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।

এদিকে লক্ষীপুরের কমলনগরে রাস্তা পারাপার হতে গিয়ে মোটরসাইকেল ধাক্কায় পথচারী ও চালকসহ দুজন নিহত হয়েছেন। গতকাল দুপুরের উপজেলার হাজিরহাট ইউনিয়নের হাফিজিয়া মাদ্রাসার সামনে দুর্ঘটনার ঘটনা ঘটে। নিহতরা হলেন, জামালপুরের মো. রশিদুজ্জামান (৬৫), ও মো. নাহিদ (২৪)। নিহতের আত্মীয় মো. আমজাদ বলেন, রশিদুজ্জামান তার মেয়ের বাড়িতে বেড়াতে এসেছেন। তিনি দুপুরে রাস্তা পারাপার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় পড়ে গিয়ে মাথায় আঘাত পান। তাকে দ্রুত জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।