শততম শিরোপার পথে আরও একধাপ এগোলেন জকোভিচ

নোভাক জকোভিচের দৃষ্টি এখন ক্যারিয়ারের শততম এটিপি শিরোপার দিকে। ব্রিসবেন ইন্টারন্যাশনালের শেষ ষোলোতে গ্যাল মনফিলসকে ৬-৩, ৬-৩ গেমে হারিয়ে সেই লক্ষ্যেই আরেক ধাপ এগিয়েছেন ৩৭ বছর বয়সী সার্বিয়ান তারকা।

জকোভিচের পরবর্তী চ্যালেঞ্জ কোয়ার্টার ফাইনালে, যেখানে তিনি মুখোমুখি হবেন আমেরিকান রাইলি ওপেলকার। ওপেলকা ইতালির মাত্তেও আরনালদিকে ৭-৬ (১১-৯), ৭-৬ (৭-৪) গেমে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছেন।

মনফিলসের বিপক্ষে ম্যাচে প্রথম সেটেই নিয়ন্ত্রণ নেন জকোভিচ। একমাত্র ব্রেক পয়েন্ট কাজে লাগিয়ে ৪-১ ব্যবধানে এগিয়ে যান এবং মাত্র ৩৬ মিনিটে প্রথম সেট পকেটে পুরেন।

দ্বিতীয় সেটেও একই চিত্র। ১-১ অবস্থায় সার্ভিসের সময় সহজ এক ফোরহ্যান্ড মিস করেন মনফিলস। সেখান থেকেই ব্রেক করে এগিয়ে যান জকোভিচ। এরপর নিজের সার্ভ ধরে রেখে ৫-৩ ব্যবধানে এগিয়ে দ্বিতীয় সেটে আবারও মনফিলসের সার্ভ ভেঙে জয় নিশ্চিত করেন। এটি মনফিলসের বিপক্ষে জোকোভিচের টানা ২০তম জয়।

২৪ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী জোকোভিচের পরবর্তী চ্যালেঞ্জ ওপেলকা, যার বিপক্ষে এই প্রথমবারের মতো খেলতে নামবেন। ওপেলকার শক্তিশালী সার্ভের কথা মাথায় রেখেই প্রস্তুতি নিচ্ছেন তিনি।

জকোভিচ ম্যাচ শেষে বলেন, 'ওপেলকা গত কয়েক বছর অনেক চোট সমস্যায় ভুগেছে। তবে তার সার্ভ দারুণ শক্তিশালী। আমার তো মনে হয় প্রথম সার্ভ সামলাতে কয়েক ধাপ পেছনে যেতে হবে!'

ওপেলকা আরনালদির বিপক্ষে ম্যাচে ২৫টি এস মেরেছেন, যা তাকে ভয়ংকর প্রতিপক্ষ হিসেবে তুলে ধরছে।

জকোভিচ কি শততম শিরোপার পথে এগিয়ে যেতে পারবেন? নাকি ওপেলকার সার্ভেই থমকে যাবে তার পথচলা? উত্তর মিলবে কোয়ার্টার ফাইনালের উত্তেজনাপূর্ণ লড়াইয়ে।