বাসা থেকে তুলে নেওয়ার ভিডিও ভাইরাল, আহত যুবক হাসপাতালে 

চট্টগ্রামে বাসা থেকে তুলে নেওয়ার কয়েক ঘণ্টা পর প্রান্ত তালুকদার নামে এক যুবককে আহতাবস্থায় উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিনগত রাত ১১টার দিকে নগরের খুলশী থানার লালখান বাজার এলাকা থেকে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, খবর পেয়ে লালখান বাজার আমিন সেন্টারের সামনে থেকে প্রান্ত তালুকদারকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করে পুলিশ। ফেসবুকে কটূক্তির কারণে ওই যুবককে কে বা কারা মারধর করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 

পুলিশ জানায়, বুধবার পতেঙ্গা কাঠগড় এলাকার বাসা থেকে প্রান্ত তালুকদারকে ধরে নিয়ে আসে একদল মানুষ। এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে তাকে উদ্ধার অভিযানে নামে পুলিশ।