ছাত্রদলের এক কর্মীর বিরুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিক্ষোভ জবি শিক্ষার্থীরা। বুধবার (২ জানুয়ারি) বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে তারা বিক্ষোভ করেন।
অভিযুক্ত শিক্ষার্থী পদার্থবিজ্ঞান বিভাগের ২০২১-২২ সেশনের মো. রায়হান হোসেন। ভুক্তভোগী শিক্ষার্থী ফিন্যান্স বিভাগের ২০২২-২৩ সেশনের মো. জিহান।
ভুক্তভোগী জিহান জানান, ‘আমি আমার এক বন্ধুর সঙ্গে কথা বলছিলাম। পাশেই রায়হান ও তার কয়েকজন সঙ্গীর মধ্যে বাকবিতণ্ডা চলছিল। আমার হাতে ফোন ছিল এবং হয়তো ক্যামেরাটি তাদের দিকে ছিল। এ সন্দেহে তারা আমাকে জিজ্ঞাসাবাদ শুরু করে এবং ফোনটি ছিনিয়ে নেয়। এরপর রায়হান আমাকে চড়-থাপ্পড় ও লাথি মারে এবং অকথ্য ভাষায় গালাগালি করে।’
ভুক্তভোগী আরও বলেন, ‘ঘটনার পর আজ আমি প্রক্টর স্যারকে একটি লিখিত অভিযোগ দিয়েছি। তিনি বলছেন বিষয়টি তদন্ত করে দেখবেন।
ভুক্তভোগীর বন্ধু ইসরাফিল বলেন, এখানে কেউ প্রভাব খাটাতে পারবে না সবাই সাধারণ শিক্ষার্থী। আমরা আশাকরি এটার একটা সুষ্ঠু বিচার পাব।
অভিযুক্ত রায়হান বলেন, ‘আমাদের মধ্যে বাকবিতণ্ডা চলছিল। তখন আমাদের মনে হয় জিহান তার ফোনে ভিডিও করছে। তাকে জিজ্ঞাসা করলে সে ভিডিও করেনি বলে জানায়।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহম্মদ তাজাম্মুল হক বলেন, আমি কিছুক্ষণ আগে অভিযোগপত্র পেয়েছি, দ্রুতই ব্যবস্থা গ্রহণ করবো।