গাইবান্ধার ফুলছড়িতে এক বিচারকের কাছে চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার যুবদল নেতা আক্তারুজ্জামান আক্তারকে (৪০) দল থেকে বহিস্কার করা হয়েছে। এ ঘটনায় ওই নেতার বিরুদ্ধে ফুলছড়ি থানায় একটি মামলা দায়ের হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) মামলার বিষয়টি নিশ্চিত করেন ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান। তিনি বলেন, ওই বিচারকের পক্ষে সোহেল রানা (৩২) নামের এক ব্যক্তি বাদী হয়ে এই মামলা দায়ের করেন।
আদালতের মাধ্যমে আজ তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল বুধবার বিকেল ৩টার দিকে ফুলছড়ি উপজেলার কালিরবাজার এলাকা থেকে যুবদল নেতা আক্তারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। তিনি একই উপজেলার পারুল চর গ্রামের মৃত মোগরব আলীর ছেলে।
মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, বিচারক ফুলছড়ি উপজেলার কালিরবাজার এলাকায় নিজ বাড়ির সামনে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় আক্তারুজ্জামান ওই বিচারপতির কাছে উপস্থিত হয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে বিচারপতি নিজ উদ্যোগে তাকে আটক করে
আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করেন। এর আগেও গত বছরের ৬ আগস্ট অভিযুক্ত ব্যক্তি হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিচারপতির কাছে একই পরিমাণ টাকা চাঁদা দাবি করেছিলেন বলে জানা গেছে।
ফুলছড়ি উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম নান্টু গ্রেপ্তার আকতারুজ্জামানকে যুবদল থেকে বহিস্কার করা হয়েছে। চাঁদাবাজির সুস্পষ্ট অভিযোগ থাকায় কেন্দ্রীয় থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।