দাবি ছাত্রশিবিরের

পাথরঘাটায় যুবদল নেতাকে হত্যায় জড়িত ছাত্রলীগ

বরগুনার পাথরঘাটায় পূর্ব শত্রুতার জেরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের হামলায় যুবদল কর্মী নিহত হওয়ার ঘটনায় ছাত্রশিবিরকে জড়ানো এবং ছাত্রশিবিরের উপজেলা শাখার সভাপতি হাফেজ রাকিব হাসানের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

আজ বৃহস্পতিবার ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলামের পাঠানো এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।

প্রতিবাদবার্তায় বলা হয়, বরগুনার পাথরঘাটায় যুবদল নেতা হত্যার ঘটনায় একটি মহল উদ্দেশ্যমূলকভাবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে জড়িয়ে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। মিডিয়া ও স্থানীয় বিএনপি নেতাদের ভাষ্যমতে, যুবদল নেতার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসী। এ ঘটনার সঙ্গে ছাত্রশিবির বা তার নেতাকর্মীদের সম্পর্ক নেই। অথচ রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এবং প্রকৃত অপরাধীদের আড়াল করতে পরিকল্পিতভাবে ছাত্রশিবিরকে এ ঘটনায় জড়ানোর ষড়যন্ত্র করা হচ্ছে।

তারা বলেন, এই মিথ্যা অভিযোগের জের ধরে একদল সন্ত্রাসী ছাত্রশিবির পাথরঘাটা উপজেলা শাখার সভাপতি হাফেজ রাকিব হাসান ও তার পরিবারের ওপর নির্মম হামলা চালিয়েছে। এটা স্পষ্ট যে, হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে রাকিব হাসানের ওপর হামলা করা হয়, যা অত্যন্ত ন্যাক্কারজনক ও কাপুরুষোচিত। হামলায় তিনি গুরুতর আহত হন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এভাবে মিথ্যা অভিযোগের মাধ্যমে ছাত্রশিবিরকে হেয়প্রতিপন্ন করা এবং নেতাকর্মীদের ওপর হামলা চালানোর অপপ্রয়াস শুধু নিন্দনীয় নয় বরং এটি সমাজে বিশৃঙ্খলা ও সন্ত্রাসবাদের উসকানি দেয়।

নেতৃবৃন্দ আরও বলেন, ছাত্রশিবির সবসময় গণতন্ত্র, শান্তি, এবং শিক্ষার পরিবেশ রক্ষায় কাজ করে আসছে। আমরা কোনো ধরনের হত্যা ও জুলুমের রাজনীতি সমর্থন করি না। এ ধরনের ষড়যন্ত্রমূলক প্রচারণা ও হামলার ঘটনা সংগঠনের চলমান কার্যক্রমকে বাধাগ্রস্ত করার একটি সুপরিকল্পিত অপচেষ্টা। এ ধরনের ষড়যন্ত্র কোনওভাবেই সফল হবে না।

তারা আহত সভাপতি হাফেজ মো. রাকিব হাসানের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন এবং এ ধরনের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে শান্তিকামী সকল নাগরিককে সোচ্চার হওয়ার আহ্বান জানান।