তিন ম্যাচের তিনটিতেই জয় তুলে নিয়ে ঢাকা পর্ব দারুণভাবে শেষ করলো রংপুর রাইডার্স। ১২৫ রানের সহজ লক্ষ্য তাড়ায় শুরুতে হোঁচট খেলেও তৃতীয় উইকেটে অ্যালেক্স হেলস ও সাইফ হাসানের ৮১ বলে অবিচ্ছিন্ন ১১৩ রানের জুটিতে ৮ উইকেটের বড় ব্যবধানে বরিশালকে হারায় রংপুর। ৫ ওভার হাতে রেখে ছক্কা হাঁকিয়ে দলকে জিতিয়ে হোটেলে ফিরেই জন্মদিন উদযাপনে মাতবেন হেলস।
প্রথম ম্যাচে রাজশাহীর বিপক্ষে লক্ষ্য তাড়ায় নেমে দুশো করা ফরচুন বরিশাল টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে গুটিয়ে যায় ১২৪ রানে। রংপুর বোলারদের সম্মিলিত প্রচেষ্টার সামনে নিজেদের প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও ব্যাটিং বিপর্যয়ে পড়ে বরিশাল। সেদিন উতরে গেলেও আজ ত্রাতা হতে পারেননি কেউ। অধিনায়ক তামিম ইকবালের ব্যাটে শুরুটাও হয় ভালো। ১৮ বলে ৫ চার-১ ছ্ক্কায় জার্সি নম্বরের সঙ্গে মিলিয়ে ২৮ রান করেন তামিম। আর শেষ দিকে মোহাম্মদ নবির ব্যাটে আসে ১৯ বলে ২১ রান। এছাড়া দুই অঙ্ক ছোঁন মাত্র ৩ জন। ইনিংসের ১০ বল বাকি থাকতেই ১২৪ রানে থেমে যায় বর্তমান চ্যাম্পিয়নদের ইনিংস।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে রংপুর রাইডার্স বোলারদের চাপে ৯৮ রানেই ৮ উইকেট হারিয়ে বসে বরিশাল। সবচেয়ে আলো কাড়েন খুশদিল শাহ। নিজের ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে তিনি নেন ৩ উইকেট। ২টি করে উইকেট নেন নাহিদ রানা ও ইফতিখার আহমেদ। শেখ মেহেদি ও আকিফ জাভেদ পান ১টি করে উইকেট।
জবাবে দ্বিতীয় ওভারেই ইকবাল ইমন তুলে নেন ২ উইকেট। রানের খাতা খোলার আগেই ফেরেন আজিজুল হাকিম তামিম ও তৌফিক খান। বোলিং ইনিংসে বরিশালের আনন্দের উপলক্ষ্য ওই পর্যন্তই। শুরুতে হৃদয় আর শেষভাগে তামিমের হাতে জীবন পাওয়া হেলস প্রান্ত সামলে অপরাজিত থাকেন ৪১ বলে ৪৯ রানে। ফিফটি তুলে নেওয়া সাইফের ব্যাটে আসে ৪৬ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৬২ রান।