গাড়ি আমদানির এলসি শর্ত শিথিল

সম্পূর্ণ ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানির ঋণপত্রে (এলসি) নগদ মার্জিনের শর্ত শিথিল করেছে কেন্দ্রীয় ব্যাংক। এ ছাড়া ইলেকট্রিক ও হাইব্রিড ছাড়া অন্যান্য গাড়ি আমদানিতে নগদ মার্জিন অর্ধেক করা হয়েছে। আগে গাড়ি আমদানির এলসি খোলার সময় ১০০ শতাংশ নগদ মার্জিন জমা দিতে হতো। এখন ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে নগদ মার্জিন নির্ধারণ করতে পারবে। হাইব্রিড ছাড়া অন্যান্য গাড়ির ক্ষেত্রে ৫০ শতাংশ জমা দিয়ে এলসি করতে পারবেন আমদানিকারকরা।

গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশের মুদ্রা ও ঋণ ব্যবস্থাপনা অধিকতর সুসংহত রাখার জন্য মোটরকার আমদানি ঋণপত্র স্থাপনের ক্ষেত্রে ১০০ শতাংশ নগদ মার্জিন সংরক্ষণের জন্য নির্দেশনা রয়েছে। তবে সম্পূর্ণ ইলেকট্রিক ও হাইব্রিড মোটরকার ব্যতীত অন্যান্য মোটরকারের  আমদানি ঋণপত্র স্থাপনের ক্ষেত্রে ন্যূনতম ৫০ শতাংশ নগদ মার্জিন সংরক্ষণ করতে হবে। আগামী ১ ফেব্রুয়ারি থেকে  এ নির্দেশনা কার্যকর করা হবে।