চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে মারধরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে চবির কলা ঝুপড়ির পিছনে তাকে ছাত্রদলের কর্মীরা মারধর করেন।
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এই নেতার নাম শাফিকুর রহমান মেঘ। তিনি ছাত্রলীগের উপপ্রচার সম্পাদক ছিলেন। ক্যাম্পাসের উপগ্রুপ সিএফসির অনুসারী ছিলেন মেঘ।
জানা যায়, মেঘ তার চতুর্থ বর্ষের মৌখিক পরীক্ষা শেষে কলা অনুষদ থেকে বেরিয়ে জারুলতলার সামনে আসলে তার গতিরোধ করে কলা ঝুপড়ির পিছনে নিয়ে যান ছাত্রদলের কর্মীরা। পরে সেখানে তাকে ছাত্রদলের কর্মীরা মারধর করেন বলে জানা গেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা মেঘ অচেতন হয়ে পড়ে আছেন। এ সময় শাখা ছাত্রদল কর্মী প্রাণীবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী সাইদ মোহাম্মদ রেদোয়ানসহ ছাত্রদলের অন্যান্য কর্মীদের তাকে ঘিরে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ছাত্রলীগ নেতা মেঘকে উদ্ধার করে।
শাখা ছাত্রদলের সহসভাপতি মামুনুর রশিদ মামুন বলেন, ছাত্রলীগের নেতা আপন ইসলাম মেঘ আমাদের ছাত্রদল কর্মী রেদোয়ানকে মেরে হল থেকে বের করে দেয়। মেঘ ক্যাম্পাসে আসলে এই ঘটনা ঘটে। ঘটনাস্থলে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। বাংলাদেশে ছাত্রলীগ নিষিদ্ধ। যেহেতু মেঘ নিষিদ্ধ সংগঠনের সাথে সম্পৃক্ত তাই নিষিদ্ধ কোনও সংগঠনের কারোর সাথে আপোষ নেই।
চবি প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, পূর্ব শত্রুতার জেরে একজন শিক্ষার্থী অন্য আরেকজন শিক্ষার্থীকে মারধর করেছে। আমরা তাকে উদ্ধার করেছি। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।