বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজায়’ গিয়ে সাক্ষাৎ করেন তিনি। এ সময় সেনাপ্রধানের স্ত্রী বেগম সারাহনাজ কামালিকা রহমানও উপস্থিত ছিলেন।
রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন সেনাবাহিনী প্রধান। পাশাপাশি তার দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি।’
তবে এ বিষয়ে সশস্ত্র বাহিনী কিংবা বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য আসেনি।
জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্য যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এর আগে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তার বাসভবনে গেলেন সেনাপ্রধান। এ সময় খালেদা জিয়ার সঙ্গে সেনাবাহিনী প্রধান একান্তে কিছু সময় কথা বলেন। বিদেশে চিকিৎসা শেষে দেশে ফেরার পর আবারও তার সঙ্গে সাক্ষাৎ করার আগ্রহের কথা জানিয়েছেন সেনাপ্রধান।
গতকাল রাত সাড়ে ৮টায় খালেদা জিয়ার বাসভবনে যান সেনাবাহিনী প্রধান। সেখানে প্রায় ৪০ মিনিট অবস্থান করেন তিনি। এ সময় বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহি আকবর উপস্থিত ছিলেন।
এর আগে ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে খালেদা জিয়া সেনাকুঞ্জে গিয়েছিলেন। সেখানে তাকে অভ্যর্থনা জানিয়েছিলেন সেনাপ্রধান। সর্বশেষ ২০১২ সালে খালেদা জিয়া সশস্ত্রবাহিনী দিবসের কর্মসূচিতে অংশ নিয়েছিলেন খালেদা জিয়া। ২০১৮ সালের পর এটাই তার প্রথম প্রকাশ্যে কোনো কর্মসূচিতে অংশগ্রহণ।