সাংবাদিক মুন্নী সাহার ব্যাংক হিসাবে ১৩৪ কোটি টাকার সন্দেহভাজন লেনদেনসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয় থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন।
আক্তার হোসেন বলেন, সাংবাদিক মুন্নী সাহা ও তার স্বামী এম এস প্রমোশনাল (বিজ্ঞাপনী সংস্থা) মালিক কবির হোসেন তাপসের ব্যাংক হিসাবে ১৩৪ কোটি টাকা সন্দেহজনক লেনদেন হয়েছে। এ ছাড়া তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। কমিশন এসব অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে। শিগগিরই অনুসন্ধান টিম গঠন করা হবে।
দুদকের কাছে থাকা অভিযোগে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালানোর পরপরই সাংবাদিক মুন্নী সাহার ব্যাংক হিসাব থেকে ১২০ কোটি টাকাই উত্তোলন করা হয়েছে। পরে তার ব্যাংক হিসাব স্থগিত করা হয়। বর্তমানে তার স্থিতি আছে ১৪ কোটি টাকা। দেশের ১৭টি ব্যাংকের মাধ্যমে এ লেনদেন হয়েছে। অভিযোগে বলা হয়েছে, গত ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর ৬ অক্টোবর বাংলাদেশের আর্থিক গোয়েন্দা ইউনিট (বিএফআইইউ) মুন্নী সাহার ব্যাংক হিসাব তলব করে। বিধিবহির্ভূত লেনদেনের অভিযোগে তার ব্যাংক হিসাব জব্দ করেছে সংস্থাটি।