রাজধানীর গাবতলী দ্বীপনগর এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জেরে এক দিনমজুরকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তার নাম মুকুল শেখ (৩৭)। গত বুধবার রাতে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
মুকুল শেখের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ছেলাচাপরি গ্রামে। তার বাবার নাম মৃত দুলাল শেখ। বর্তমান গাবতলী দ্বীপনগর এলাকায় থাকেন তারা।
দারুস সালাম থানার ওসি রাকিবুল হাসান বলেন, পারিবারিক জমিসংক্রান্ত বিরোধ থেকে এই হত্যার ঘটনা ঘটছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নিহত মুকুলের ছোট ভাই রব্বানী শেখ জানান, তারা গাবতলীর ওই এলাকায় বালু-সিমেন্টের বহনের কাজ করেন। রাতে কাজ শেষ করে দুই ভাই হেঁটে বাসায় ফিরছিলেন।
তখন হুট করে ১০ থেকে ১২ জন তাদের ওপর হামলা করে। অন্ধকারে তাদের এলোপাতাড়ি পেটাতে থাকে। প্রাণ বাঁচাতে রব্বানী সেখান থেকে দৌড়ে পালিয়ে যান। তবে একা পেয়ে মুকুলকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে ফেলে রেখে তারা পালিয়ে যায়। পরে গুরুতর আহত মুকুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রব্বানী শেখ আরও জানান, গ্রামে তাদের জায়গা-জমি নিয়ে প্রতিবেশীদের সঙ্গে দীর্ঘদিন ধরে একটি দ্বন্দ্ব চলছিল। দুই বছর আগে তাদের সেই প্রতিপক্ষ ব্যাপক মারধর করেছিল। তাদের ভয়েই গ্রাম থেকে ঢাকায় এসে কাজ করেন মুকুল ও রব্বানী। দুই ভাইকে ফের মারার জন্যই তাদের ঠিকানা বের করে গত বুধবার রাতে প্রতিবেশী কামরুল, লালু, আনোয়ার, জাহাঙ্গীর, লোকমান, ইয়াসিন, হাকিম, সাইদুল, ওয়াজেদ ফকিরসহ ১০-১২ জন মিলে হামলা চালায়।
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেন, মরদেহটি ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।