ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে ক্যাচ বিতর্ক চলছেই। কয়দিন আগেই মেলবোর্ন টেস্টে যশস্বী জয়সোয়ালের আউট নিয়ে তোলপাড় হয়ে গেছে। সেই রেশ না কাটতেই আজ শুক্রবার থেকে শুরু হওয়া মেলবোর্ন টেস্টে বিরাট কোহলির দেওয়া এক ক্যাচ নিয়ে শুরু হলো বিতর্ক।
সিডনিতে টস জিতে ব্যাটিংয়ে নামা ভারতের ইনিংসের ৮ম ওভারের ঘটনা। ভারত ১৭ রানে দ্বিতীয় উইকেট হারানোর পর কোহলি ব্যাটিংয়ে এসেই স্কট বোল্যান্ডের প্রথম বলে স্লিপে ক্যাচ তুলে দেন। স্টিভেন স্মিথ ঝাঁপিয়ে পড়ে বলটি তালুবন্দি না করে ওপরে ছুড়ে দেন। গালি অঞ্চলে মারনাস লাবুশেন সেটি তালুবন্দী করেন। সিদ্ধান্তের জন্য তৃতীয় আম্পায়ারের ডাক পড়ে।
কোহলি মাঠেই দাঁড়িয়ে ছিলেন। টিভি রিপ্লে দেখার পর কোহলিকে নট আউট ঘোষণা করেন তৃতীয় আম্পায়ার। তৃতীয় আম্পায়অর জোয়েল উইলসন বলেন,স্মিথ বৃদ্ধাঙ্গুলি ও তর্জনী দিয়ে বল তোলার আগে সেটি মাটিতে স্পর্শ করেছে। কোহলি শূন্য রানে বেঁচে গেলেও দিনের দ্বিতীয় সেশনে ৬৯ বলে ১৭ রান করে ওই বোল্যান্ডের বলেই স্লিপে ক্যাচ দিয়েছেন।
এই ক্যাচ নিয়ে বিরতির সময় সম্প্রচারকারী চ্যানেলকে স্টিভ স্মিথ বলেন, ‘১০০ ভাগ নিশ্চিত ওটা ক্যাচ ছিল। অস্বীকার করার সুযোগই নেই। এক শ ভাগ ছিল। কিন্তু সিদ্ধান্তটা শেষ পর্যন্ত আম্পায়ারেরই।’
ফক্স স্পোর্টসে মার্ক ওয়াহ বলেছেন, ‘আউট ছিল। বল ঘাসের খুব কাছাকাছি ছিল। কিন্তু সে (স্মিথ) আঙুল দিয়ে আগেই তুলে নিয়েছে।’
অ্যালান বোর্ডারও বলেছেন একই কথা, ‘ব্যাপারটা আপনি দু ভাবে দেখতে পারেন। একটা হচ্ছে চোখের সৌন্দর্য। আমার মতে যে প্রমাণ দেখা যাচ্ছে, তাতে স্মিথের আঙুল বলের নিচেই ছিল।’
তবে ভারতের সাবেক পেসার ইরফান পাঠান এক্সে লিখেছেন, ‘কোহলিকে সঠিকভাবেই নটআউট দেওয়া হয়েছে।’ ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন এক্সে লিখেছেন, ‘আমার মতে ওটা আউটই ছিল।’