বহুবার আত্মহত্যার চিন্তা করেছি: সাজিদ খান

কিছু বছর আগে বলিউডে ‘হ্যাশট্যাগ মি টু’ আন্দোলনের ঝড় বয়ে যায়। একের পর এক বিশিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ওঠে যৌন হেনস্থার অভিযোগ। সেই তালিকায় ছিলেন জনপ্রিয় পরিচালক সাজিদ খানও। যদিও বলিউড ধীরে ধীরে পুরোনো ছন্দে ফিরেছে, তবে সাজিদ তার ক্যারিয়ারে সেই ছন্দ খুঁজে পাননি।  

সাজিদ খান তখন ‘হাউজফুল ফোর’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত ছিলেন। অভিযোগ ওঠার পর প্রযোজকরা তাকে পরিচালকের দায়িত্ব থেকে সরিয়ে দেন। রাতারাতি কাজহীন হয়ে পড়েন সাজিদ। তিনি জানান, এই পরিস্থিতি তাকে অবসাদে ডুবিয়ে দেয়। সাজিদ বলেন, ‘গত ছয় বছরে বহুবার আত্মহত্যার চিন্তা করেছি।’ 

 তবে কিছুদিন পরে সাজিদকে ফের কাজের অনুমতি দেয় ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টরর্স অ্যাসোসিয়েশন-আইএফটিডিএ।

পরিচালক জানিয়েছেন, তারপরেও কাজের পরিস্থিতি ঠিক হয়নি। সাজিদের কথায়, ‘কাজ না থাকায় আমাকে নিজের ফ্ল্যাট বিক্রি করে ভাড়া বাড়িতে গিয়ে উঠতে হয়।’

সাজিদ জানান, অভিযোগ প্রকাশ্যে আসার পর তিনি বিষয়টা তার মায়ের থেকে গোপন করেছিলেন। কারণ তখন তার মা খুবই অসুস্থ ছিলেন। পরিচালক বলেন, ‘তখন যে ছবির শুটিং করছিলাম, সেটা ছাড়তে হল। মা জানতে পারলে হয়ত হৃদ্‌রোগে আক্রান্ত হতেন। ফারহা তখন বাড়িতে মায়ের থেকে সংবাদপত্র লুকিয়ে রাখত।’

উল্লেখ্য, গত বছর সাজিদ-ফারহা তাদের মা-কে হারিয়েছেন। 

সাজিদ জানিয়েছেন, কারও বিরুদ্ধে তার এখন কোনো অভিযোগ নেই। কিন্তু গত ছয় বছরে তার জীবন যে বদলে গেছে, সে কথাও তিনি স্বীকার করে নিয়েছেন। তিনি বলেন, ‘গত কয়েক বছরে নিজেকেও নতুন ভাবে আবিষ্কার করেছি।’