সোহরাওয়ার্দী উদ্যানে সিপিবির ‘ঢাকা সমাবেশ’ শুরু

জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের দ্রুত বিচার, আহতদের সুচিকিৎসা এবং নিহত ও আহতদের পরিবারের পুনর্বাসন, প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণাসহ বেশ কিছু দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঢাকা সমাবেশ শুরু হয়েছে।

আজ শুক্রবার বেলা তিনটায় এই সমাবেশ শুরু হয়।

সিপিবির অন্য দাবিগুলো হলো উৎপাদন খরচ ও নিত্যপণ্যের দাম কমানো, রেশন ও ন্যায্যমূল্যের দোকান চালু, সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, আইনশৃঙ্খলার উন্নয়ন, জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ, দখলদারি চাঁদাবাজি বন্ধ, মুক্তিযুদ্ধ, ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ, শ্রমিক-কৃষক-মেহনতি মানুষের দাবি পূরণে কার্যকর ব্যবস্থা গ্রহণ, লুটপাট-সাম্প্রদায়িকতা-আধিপত্যবাদ-সাম্রাজ্যবাদ রুখে দাঁড়ানো।

সমাবেশকে কেন্দ্র করে সারা দেশ থেকে দলটির কয়েক হাজার নেতাকর্মী দুপুরের পর থেকে জড়ো হতে শুরু করেন সোহরাওয়ার্দী উদ্যানে। সমাবেশে দলটির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। আন্দোলনের কর্মসূচিও ঘোষণা করবেন তারা।