ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে আলটিমেটাম দিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন একদল শিক্ষার্থী। শুক্রবার (৩ জানুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ এ স্মারকলিপি গ্রহণ করেছেন।
শিক্ষার্থীরা দাবি করেন, এই রোডম্যাপের মধ্যেই প্রয়োজনীয় সংস্কারের সময় নির্দিষ্ট করতে হবে। যদি নির্ধারিত সময়ের মধ্যে রোডম্যাপ ঘোষণা করা না হয় তাহলে তারা কঠোর কর্মসূচি দেবেন। ফলে উদ্ভূত যেকোনো পরিস্থিতির দায়ভার প্রশাসনকে নিতে হবে।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা আরও জানান, স্বৈরাচার পতনের মাধ্যমে যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, তার নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা পালন করবে, এমনটাই আমাদের প্রত্যাশা। আমরা বিশ্বাস করি, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে গণতান্ত্রিক চর্চা নিশ্চিত করার মাধ্যমে নতুন বাংলাদেশের রাজনৈতিক সংস্কারের মডেল গড়ে তোলা সম্ভব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসমাজের প্রতিনিধিত্বশীল সংগঠন কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচন গণতান্ত্রিক চর্চার সে সুযোগ তৈরি করতে পারে। কিন্তু অত্যন্ত দুঃখজনক, অভ্যুত্থানের পাঁচ মাস পেরিয়ে গেলেও প্রশাসন ডাকসু নির্বাচন নিয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি।
দ্রুত ডাকসু নির্বাচনের রোডম্যাপ প্রদানের দাবি জানিয়ে শিক্ষার্থীরা স্মারকলিপিতে বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানাচ্ছি। এই রোডম্যাপের মধ্যেই প্রয়োজনীয় সংস্কারের সময় নির্দিষ্ট করতে হবে। যদি নির্ধারিত সময়ের মধ্যে রোডম্যাপ ঘোষণা করা না হয়, তাহলে আমরা কঠোর কর্মসূচি গ্রহণে বাধ্য হব। এর ফলে উদ্ভূত যেকোনও পরিস্থিতির দায়ভার প্রশাসনকে নিতে হবে।
এ সময় শিক্ষার্থীদের মধ্য থেকে মো. আবু সায়াদ বিন মাহিন সরকার, তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরী, আব্দুল্লাহ ইবনে হানিফ আরিয়ান, মোহাম্মদ সাকিব, আবিদ হাসান রাফি, আব্দুর রহমান আল-ফাহাদ এবং আরমানুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।