চাইলেই ফুঁ দিয়ে বিএনপিকে উড়িয়ে দেওয়া যাবে না: প্রিন্স

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলা ও হাসিনা সরকারের ফরমায়েশি সাজা বাতিল না হওয়ায় জনগণ ক্ষুব্ধ ও মর্মাহত বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি অবিলম্বে তারেক রহমানের বিরুদ্ধে এসব মামলা ও সাজাসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিরুদ্ধে হাসিনা সরকারের সকল মামলা প্রত্যাহার দাবি জানিয়েছেন।

আজ শুক্রবার বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রিন্স বলেন, তারেক রহমান বাংলাদেশের রাজনীতির অবিচ্ছেদ্য অংশ। অতীতে কোনও ষড়যন্ত্র তাকে রাজনীতি থেকে মাইনাস করতে পারেনি। তারেক রহমানকে রাজনীতি থেকে মাইনাস করতে গিয়ে শেখ হাসিনা ও আওয়ামী লীগের শুধু পতনই ঘটে নাই, রাজনীতি ও দেশ থেকেও মাইনাস হয়ে গেছে। অন্যায় ও অবৈধভাবে  বেগম খালেদা জিয়াকে শহীদ জিয়ার স্মৃতি বিজরিত বাড়ি ছাড়া করে শেখ হাসিনা নিজেই এখন দেশছাড়া।

তিনি বলেন, হাজার হাজার ছাত্র-জনতাকে নির্মমভাবে হত্যা করে কবরে পাঠিয়ে আওয়ামী লীগ নিজেরাই কবরে ঢুকে গেছে। মাইক্রোস্কোপ দিয়েও তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের অপরাজনীতির কবর রচিত হয়েছে।

কর্মী সমাবেশে এমরান সালেহ প্রিন্স নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, বিএনপির বিরুদ্ধে সুকৌশলে ষড়যন্ত্র শুরু হয়েছে। বিএনপি কচুরীপানার মতো ভেসে আসেনি। বিএনপির শেকড় মাটির অনেক গভীরে, জনগণের হৃদয়ের মনিকোঠায় বিএনপির অবস্থান। ইচ্ছে করলেই ফুঁ দিয়ে বিএনপিকে উড়িয়ে দেওয়া যাবে না।

ঘোষগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় অন্যান্যের মধ্যে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মফিজ উদ্দিন, অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, আনিসুর রহমান মানিক, মোয়াজ্জেম হোসেন খান লিটন, ফরহাদ রাব্বানী সুমন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ফরহাদ আল রাজি, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল মতিন, ইউনিয়ন যুবদল নেতা আজহারুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন, ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক শাহরিয়ার আকন্দ শাওন বক্তব্য রাখেন।