গেল বছরে ‘প্রতীক্ষা’ শিরোনামে একটি সিনেমাতে দেবের বিপরীতে অভিনয় করার কথা ছিল তাসনিয়া ফারিণের। কিন্তু নানা জটিলতায় সিনেমাটি আর হয়নি এবং অভিনেত্রীও সিনেমাটি থেকে সরে দাঁড়ান।
এরপর নতুন বছরের শুরুতেই খবর পাওয়া গেল এই জুটি পর্দায় আসতে চলেছেন। গেল মাসে মুক্তি পাওয়া ‘খাদান’ সিনেমার সাফল্যের পর ‘রঘু ডাকাত’ নামে নতুন আরেকটি সিনেমার মুক্তির সময় জানিয়ে দিয়েছেন অভিনেতা দেব। তবে সেখানেই ক্ষান্ত থাকেননি এ নায়ক। ‘রঘু ডাকাত’-এর পাশাপাশি নতুন আরও এক সিনেমার ঘোষণা করলেন। পরিচালক ও প্রযোজককে সঙ্গে নিয়ে ঘোষণা দিলেন নতুন বছরেই আসছে ‘প্রজাপতি ২’।
সোশ্যাল মিডিয়ায় অতনু রায়চৌধুরী ও অভিজিৎ সেনের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন দেব। ক্যাপশনে তিনি লেখেন, ‘২০২৪-এর কিছু অসমাপ্ত গল্প ২০২৫-এ বলা হবে। ভীষণ আনন্দের সঙ্গে ঘোষণা করছি আমাদের পরবর্তী সিনেমা প্রজাপতি ২।’ এই পোস্টে দেব তাদের হিট ত্রয়ীর একটি ছবিও পোস্ট করেন।
অতনু-অভিজিৎ জুটির সঙ্গে দেবের যে সিনেমা আসছে, তার ঘোষণা হয়েছিল আগেই। তবে শোনা গিয়েছিল, এর নাম হতে চলেছে ‘প্রতীক্ষা’। তবে দেবের ঘোষণার সঙ্গে সঙ্গেই জানা গেল, ‘প্রতীক্ষা’ নয়, এই সিনেমার নাম হতে চলেছে ‘প্রজাপতি ২’। যা ‘প্রজাপতি’র সিক্যুয়েল। এই সিনেমায় দেখা যেতে পারে মিঠুন চক্রবর্তী ও মমতা শঙ্করকে। এর পাশাপাশি দেবের বিপরীতে দেখা যেতে পারে ফারিণকে। দেব-এর ‘প্রজাপতি’ ভালোই সাড়া ফেলেছিল, যেখানে তার সঙ্গে ছিলেন শ্বেতা ভট্টাচার্য্য। তবে প্রজাপতির সিক্যুয়েলে শ্বেতা থাকবেন কি না তা নিয়ে রয়েছে জল্পনা। এই সিনেমাতে তাসনিয়া ফারিণের নাম শোনা যাচ্ছে।