বাসের ধাক্কায় প্রাণ গেল বাবার, মেয়ে হাসপাতালে

ময়মনসিংহ ত্রিশালে বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। গতকাল শুক্রবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বইলার কানহর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শেখ ফরিদুল হক উপজেলা ত্রিশাল বইলর ইউনিয়নের উজান বইলর এলাকার মরহুম শেখ লেদু মিস্ত্রির ছেলে। আহত সেলিনা আক্তার নিহত ফরিদুল হকের মেয়ে। আহত সেলিনা আক্তারকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়ছে।

জানা যায়, আহত সেলিনা আক্তার একজন গার্মেন্টস কর্মী। মেয়েকে গার্মেন্টগাড়িতে তুলে দেওয়ার জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল বাবা শেখ ফরিদুল হক। এসময় ঢাকাগামী একটি বাস তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলে প্রাণ হারান ফরিদুল। গুরুতর আহত হন তার মেয়ে সেলিনা আক্তার। স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তার স্বজনরা। বেপরোয়াভাবে বাস চালানোর কারণে দুর্ঘটনায় প্রাণহানীর ঘটায় বিক্ষুব্ধ এলাকাবাসী এই সময় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।

ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহমেদ বলেন, রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে। বাস ও বাস চালক সোহেল রানাকে আটক করা হয়েছে। বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।