দুই দিন পর ঢাকার আকাশে সূর্যের কিরণ

শীত মৌসুমের শুরু থেকেই রাজধানীতে সেভাবে শীত আঁচ করা যায়নি। তবে নতুন বছরের প্রথমদিন থেকেই জাঁকিয়ে শীত পড়েছিল রাজধানী ঢাকাতে। ঘন কুয়াশার চাঁদরে ঢেকে ছিল গোটা রাজধানী। তবে দুদিন পর কুয়াশার চাদর ভেদ করে ঢাকায় সূর্যের দেখা মিলেছে।

শনিবার (৪ জানুয়ারি) সকাল থেকে ঘনকুয়াশা থাকলেও সূর্যের হাসিতে কুয়াশা কিছুটা কমছে। স্বস্তি ফিরছে নগরীর জনজীবনে। আজ দিনের তাপমাত্রা বেড়ে শীত কিছুটা কমতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার (৪ জানুয়ারি) ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। যদিও গতকাল শুক্রবার ঢাকার তাপমাত্রা ছিল ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। পরদিন রোববারও (৫ জানুয়ারি) দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে এর পরদিন সোমবার (৬ জানুয়ারি) দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ কদিন ঘন কুয়াশার কারণে সারা দেশের কোথাও কোথাও দিবাভাগে শীতের অনুভূতি বিরাজ করতে পারে।

আবহাওয়া অফিস আরও বলছে, এ কদিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সামায়িকভাবে ব্যাহত হতে পারে।

 তবে আগামী মঙ্গলবারের (৭ জানুয়ারি) দিকে দেশের উত্তরাংশে হালকা বৃষ্টি অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এ সময়ের শেষের দিকে রাত ও দিনের তাপমাত্রা কমতে পারে।