ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অভিযান চালিয়ে আনফিট ও লাইসেন্সবিহীন এবং বেপরোয়া গতিতে চলাচলের অপরাধে বিভিন্ন যানবহানের বিরুদ্ধে ৫০টি মামলা করা হয়েছে। এসব যানবহান থেকে জরিমানা আদায় করা হয়েছে ২ লাখ টাকা। এছাড়া কাগজপত্র না থাকায় ৪টি যাত্রীবাহী বাস ও ১টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
জানা যায়, বেপরোয়া গতিতে চলাচল বন্ধে শুক্রবার দিবাগত মধ্যরাত থেকে আজ শনিবার ভোর পর্যন্ত ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজা থেকে মুন্সীগঞ্জের মাওয়া পর্যন্ত এ অভিযান চালায় হাইওয়ে পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ও থানা পুলিশ।
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাষাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজা থেকে হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল ডিআইজি ড. আ ক ম আক্তারুজ্জামান বসুনিয়ার নেতৃত্বে যৌথ অভিযান শুরু হয়। আজ শনিবার ভোর ৪টা পর্যন্ত মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া পর্যন্ত এক্সপ্রেসওয়েতে এ অভিযান চলে। রাতভর এ অভিযানে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ৫০ টি মামলা দায়ের করে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া কোনো প্রকার কাগজপত্র না থাকার অপরাধে শ্যামলী, এনা, হানিফ ও অন্তরা পরিবহনের ৪ টি যাত্রীবাহী বাস ও ১টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এসময় বাসের যাত্রীদের অন্য বাসযোগে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হয়।