মঈন খান

ছাত্রদল অংশ নেওয়ায় ৫ আগস্টের অভ্যুত্থান ত্বরান্বিত হয়েছিল

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেছেন, ছাত্র-জনতার সঙ্গে একাত্ম হয়ে জুলাই-আগস্টে রাজপথে ছিল ছাত্রদল। ছাত্রদল অংশ নেওয়ায় ৫ আগস্টের অভ্যুত্থান ত্বরান্বিত হয়েছিল। তাই ছাত্রদলের অবদান স্মরণ করতে হবে।

আজ শনিবার (৪ জানুয়ারি) সকালে বাগেরহাটের মোড়েলগঞ্জ আব্দুল আজিজ মেমোরিয়াল স্কুল মাঠে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জুলাই-আগস্ট আন্দোলন ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন বলে মন্তব্য করে ড. আব্দুল মঈন খান বলেন, স্বৈরাচার সরকার বাংলাদেশের ওপর চেপে বসেছিল। স্বৈরাচার সরকারকে সরাতে ছাত্র-জনতার সঙ্গে একাত্ম হয়ে জুলাই-আগস্টে রাজপথে ছিল ছাত্রদল।

মোরেলগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত গণসংবর্ধনায় উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এ টি এম আকরাম হোসেন তালিমসহ প্রমুখ।