১৭ বছর পর দেশের ফুটবলে ডাবল হ্যাটট্রিক

ঘানার স্যামুয়েল বোয়াটেং যা করলেন, তা বাংলাদেশ প্রিমিয়ার লিগে ১৭ বছরেও দেখা যায়নি! মুন্সিগঞ্জে ওয়ান্ডারার্সের বিপক্ষে একাই করলেন ডাবল হ্যাটট্রিক। রহমতগঞ্জের ৬-১ গোলের জয়ে প্রতিটি গোলই এসেছে ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ডের পা থেকে।

২০০৭ সালে মোহামেডানের নোয়ান পলের পর প্রথমবারের মতো এক ম্যাচে ৬ গোল করলেন কোনো ফুটবলার।

বোয়াটেংয়ের গোলগুলো এসেছে ২৩, ৩৭, ৪৪, ৬৬ ও ৭০ মিনিটে। প্রথম গোলের পর ডাবল হ্যাটট্রিক পূর্ণ করতে সময় লেগেছে মাত্র ৪৭ মিনিট।

বাংলাদেশে প্রথমবার খেলতে এসেই দুর্দান্ত ফর্মে বোয়াটেং। ৬ ম্যাচে ১০ গোল করে লিগের সর্বোচ্চ গোলদাতা এখন তিনিই। এই জয়ে রহমতগঞ্জ ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে লড়াই চালিয়ে যাচ্ছে।

এদিকে মোহামেডান স্পোর্টিং ক্লাবও নিজেদের সেরা ফর্মে রয়েছে। দশ জনের দল নিয়েও চট্টগ্রাম আবাহনীকে ময়মনসিংহের রফিক উদ্দিন স্টেডিয়ামে ৫-১ গোলে হারিয়েছে সাদাকালোরা। দলের হয়ে সৌরভ দেওয়ান করেছেন দুই গোল।

টানা তিন ম্যাচে গোল উৎসব করছে রহমতগঞ্জ। সবশেষ দুই ম্যাচে ১২ গোলের পর এবার যোগ হলো আরও ৬। পুরান ঢাকার দলটি লিগে এবার সত্যিই চমক দেখাচ্ছে।